মাদক সেবন করে মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাদক সেবন করে মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবন করে মাকে মারধরের অপরাধে রায়হান আহমেদ (২৭) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোছাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রায়হান আহমেদ উপজেলার গোছাপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোছাপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্যসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে রায়হান আহমেদকে আটক করা হয়। এসময় মাদক সেবন করে মাকে মারধরের বিষয়টিও সামনে আসে।

পরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রায়হান আহমেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় চুনারুঘাট থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ ব্যাপারে ইউএনও গালিব চৌধুরী বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক সেবনের কারণে পারিবারিক সহিংসতা ও সামাজিক অপরাধও বাড়ছে।

তিনি বলেন, মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন, বিক্রি বা সংরক্ষণের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, মাদকমুক্ত চুনারুঘাট গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।