ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। সোমবার রাতে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা।  

মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে বিশেষ অভিযান চালায়।

অভিযানে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকা যাওয়ার সময় পাথর বোঝাই একটি ট্রাক থামানো হয়। তল্লাশি চালিয়ে পাথরের নীচে অভিনব উপায়ে লুকানো অবস্থায় ভারতীয় উন্নতমানের ১ হাজার ৯২৫ শাড়ী জব্দসহ ট্রাকটি আটক করা হয়। আটককৃত ভারতীয় শাড়ী এবং ট্রাকের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০টাকা। আটককৃত ভারতীয় শাড়ী এবং ট্রাক আখাউড়া কাস্টমস কার্যালয়ে দেয়া হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ জানান, দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করা হয়।