দুই মাসের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ, মা আটক
প্রতিকি ছবি
কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী নিজের শিশুসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রোমানা আক্তারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়াপ্রবাসী আবদুল মালেকের ছেলে। শিশুটির বাবার বাড়ি একই ইউনিয়নের সিকদার পাড়ায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রোমানা আক্তার শিশুটিকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ধারালো ছুরি দিয়ে শিশুটির গলা কেটে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং রোমানা আক্তারকে আটক করে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন। এর আগে তার চিকিৎসাও করানো হয়েছিল বলে পরিবার জানিয়েছে। তবে পরিবারের এ দাবি পুলিশ এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে পারেনি।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে রোমানা আক্তারকে মানসিক ভারসাম্যহীন বলে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পাশাপাশি চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।