সাতক্ষীরার উন্নয়নে পরিকল্পনা তুলে ধরলেন জেলা পরিষদের প্রশাসক
সংগৃহীত
‘এসো উন্নত তালা গড়ি’ স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মোবারকপুরের উত্তরণ ট্রেনিং সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব তালার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামী এক বছরের মধ্যে তালায় কারিগরি শিক্ষা কার্যক্রমে টেকনিক্যাল স্কুল, তালার পাটকেলঘাটা ও কলারোয়ায় দৃষ্টিনন্দন ডাকবাংলা হবে এবং এই প্রকল্পের টেন্ডার শুরু হয়েছে। উপযুক্ত জায়গা পাওয়া গেলে শিশু পার্ক স্থাপন করা হবে। তালা বাজারের পুকুর ভরাট করে সেখানে মার্কেট নির্মাণ, কপোতাক্ষ নদের পাশ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ এবং সরকারি খাসজমি উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, তালার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। হাইস্কুলের শিক্ষার্থীদের সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তালা প্রেস ক্লাব ভবনের জন্য বরাদ্দ বাড়ানো এবং তালায় বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, সাতক্ষীরার মধ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দিয়ে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড সঠিক ও স্বচ্ছতার সঙ্গে বিতরণ এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ।