মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে ফিজিওথেরাপি দিচ্ছে ব্র্যাক

মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে ফিজিওথেরাপি দিচ্ছে ব্র্যাক

সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী-শিক্ষকদের শারীরিক ও মানসিক সুস্থতায় পাশে দাঁড়িয়েছে ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আহতদের বিনামূল্যে ফিজিওথেরাপি ও মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটির উত্তরা সেন্টার।

পর্যায়ক্রমে দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের এ সেবার আওতায় আনা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের উত্তরা সেন্টারে এ কার্যক্রম উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়।

এতে দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনায় আহত অনেক শিক্ষার্থীর শারীরিক সুস্থতার জন্য দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে।

পাশাপাশি দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা থেকে তৈরি মানসিক চাপ ও আতঙ্ক কাটিয়ে উঠতেও প্রয়োজন মানসিক স্বাস্থ্যসেবা। বিষয়টি বিবেচনায় নিয়ে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক হেলথকেয়ার।

ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড, উত্তরা শাখার ম্যানেজার ও ইনচার্জ মোহাম্মদ তানবীর হোসেন বলেন, মানুষের জন্য ব্র্যাক। আহতদের সেবা করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। এখানে সেবাপ্রার্থীদের উন্নত ও গুণগত সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ কার্যক্রম শুরু করা হয়েছে। আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে সেবার আওতায় আনা হবে।

এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন আহত শিক্ষার্থীদের অভিভাবকরাও। সেবা নিতে আসা মো. আবিদুর রহমান আবিদের বাবা আবুল কালাম আজাদ ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমার সন্তান দুই মাসেরও বেশি সময় বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা নিতে পারবে। এতে একদিকে আমার সন্তানের চিকিৎসা অব্যাহত থাকবে, অন্যদিকে আমাদের পরিবারের আর্থিক চাপও কমবে। এ উদ্যোগের জন্য ব্র্যাক হেলথকেয়ার কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞ।

অভিভাবকরা জানান, দুর্ঘটনার পর আহত শিশুদের শারীরিক চিকিৎসার পাশাপাশি নিয়মিত ফিজিওথেরাপির প্রয়োজন দেখা দিয়েছে। দীর্ঘদিনের এ চিকিৎসার ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে সেবা পাওয়ায় তারা উপকৃত হবেন।

ব্র্যাক হেলথকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

শারীরিক ক্ষত সারানোর পাশাপাশি দুর্ঘটনার মানসিক আঘাত কাটিয়ে শিশুদের স্বাভাবিক জীবনে ফেরানোও গুরুত্বপূর্ণ। তাই ফিজিওথেরাপির সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার এই উদ্যোগ আহত শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারের জন্য নতুন করে স্বস্তির সুযোগ তৈরি করেছে।