নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
নেত্রকোনার কলমাকান্দায় পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার রংছাদিত ও পোগলা দুটি ইউনিয়নে ভিন্ন ভিন্ন সময়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার ছেলে মুয়াজ মিয়া (১৮ মাস) ও একই উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামের টিটু মন্ডলের ছেলে তাসকিন তারেক (২)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে কালাইকান্দি গ্রামে নিজ বাড়ির উঠানে বসে খেলছিল মুয়াজ।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পেয়ে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই উপজেলার শুনুই গ্রামের তাসকিন তারেকের পরিবারের সদস্যরা জানান, তাসকিন ঘরেই একা খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানির একটি গর্তে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান দুটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।