লালমনিরহাটে মাদক মামলায় আসামির ৭ বছরের কারাদণ্ড
ফাইল ছবি
লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মো. কবির হোসেন নামের এক মাদক কারবারিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) লালমনিরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ হায়দার আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কবির হোসেন লালমনিরহাট সদর উপজেলার দক্ষিণ শিবরাম গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
মামলার শুরু থেকেই তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ৪ অক্টোবর রাতে লালমনিরহাট সদর থানার বড়বাড়ি শিমুলতলা মোড়ে অভিযান পরিচালনাকালে পুলিশ গোপন সংবাদ পায় যে, কবির হোসেন তার বসতবাড়িতে ভারতীয় ফেনসিডিল বিক্রি করছেন। পরে রাত সাড়ে তিনটার দিকে সদর থানার পুলিশ কবিরের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির পালিয়ে যান।
পরে তার বসতবাড়ির আঙিনায় বেড়ার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই সিদ্দিকুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা দায়ের করেন।
আদালত সূত্র জানায়, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে। আসামি আত্মসমর্পণ বা গ্রেফতারের দিন থেকে দণ্ড কার্যকর হবে।
আইনানুযায়ী তিনি যদি পূর্বে হাজতবাস করে থাকেন, তবে তা সাজা থেকে বাদ যাবে।
অন্যদিকে, জব্দকৃত ফেনসিডিল ধ্বংস করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে মালখানার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন রেজা স্বপন সন্তোষ প্রকাশ করেছেন।