কনটেন্ট নির্মাতাদের জন্য এআই অ্যাপ আনল ফেসবুক

কনটেন্ট নির্মাতাদের জন্য এআই অ্যাপ আনল ফেসবুক

ছবি: সংগৃহীত

কনটেন্ট নির্মাতাদের কাজের গতি বাড়াতে এবং তাদের কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা আরও জোরালো করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন একটি স্টপ-অ্যালোন ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। বুধবার ১২ আগস্ট প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। নির্দিষ্ট কিছু নির্মাতার ওপর অ্যাপটির পরীক্ষামূলক ব্যবহারের কয়েক সপ্তাহ পর এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় আইওএস ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হলো।

টিকটক ও ইউটিউবের সঙ্গে তীব্র প্রতিযোগিতার বাজারে নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে ধরে রাখতেই মেটা এই নতুন পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কনটেন্টের আইডিয়া বা পারফরম্যান্স বিশ্লেষণের জন্য চ্যাটজিপিটির মতো থার্ড-পার্টি টুলের ওপর নির্ভরতা কমাতেও এটি মেটার একটি বড় উদ্যোগ।

নতুন এই অ্যাপটিতে একটি এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে নির্মাতারা তাদের কনটেন্টের ধরন, পারফরম্যান্স, দর্শক বা অডিয়েন্সের সম্পৃক্ততা এবং ব্যক্তিগত লক্ষ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত পরামর্শ ও দিকনির্দেশনা পাবেন। নির্মাতাদের সাধারণত নিজেদের পারফরম্যান্স বুঝতে বিভিন্ন চার্ট ও ড্যাশবোর্ড ঘাঁটতে হয়। তবে এই এআই সহকারীর সুবাদে তারা খুব সহজেই ‘কখন পোস্ট করা উচিত?’ কিংবা ‘আমার কমেন্ট বক্সে মানুষ কী বলছে?’—এমন নানা প্রশ্নের দ্রুত উত্তর পেয়ে যাবেন এবং এ বিষয়ে আরও ফলোআপ প্রশ্নও করতে পারবেন।

অ্যাপটিতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো একটি এআই-চালিত কমেন্ট টুল, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো খুঁজে বের করে এবং নির্মাতার নিজস্ব লেখার ভঙ্গিতে রিপ্লাইয়ের ড্রাফট তৈরি করে দেয়। নির্মাতারা সেগুলো যাচাই করে পছন্দমতো সম্পাদনা করার পর প্রকাশের অনুমোদন দিতে পারবেন। 

এছাড়া প্রতিদিন অ্যাপটি ওপেন করলেই নির্মাতারা একটি ডেইলি প্রায়োরিটি ফিড দেখতে পাবেন। সেখানে তাদের সর্বশেষ পোস্টের পারফরম্যান্স পর্যালোচনা, লক্ষ্যের দিকে অগ্রগতি ট্র্যাক করা এবং যেসব কমেন্টে রিপ্লাই দেওয়া প্রয়োজন সেগুলো চিহ্নিত করার সুবিধা থাকবে।


উল্লেখ্য, মেটা ইদানীং একের পর এক নতুন পণ্য বাজারে নিয়ে আসছে। গত কয়েকমাসে ফেসবুক গ্রুপের জন্য রেডডিটের আদলে ‘ফোরাম’ নামে আলাদা অ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধুদের সঙ্গে অদৃশ্য ছবি শেয়ার করার জন্য ‘ইনস্ট্যান্টস’, পকেট নামের গেমিং অ্যাপ এবং এআই দিয়ে শিশুদের গল্প তৈরির ‘স্টোরিকিট’ অ্যাপের মতো বেশ কিছু নতুন প্রজেক্ট লঞ্চ করেছে প্রযুক্তি জায়ান্ট এই প্রতিষ্ঠানটি।