কুষ্টিয়ায় পদ্মায় বালুবাহী গাড়ি উল্টে শিশু নিখোঁজ

কুষ্টিয়ায় পদ্মায় বালুবাহী গাড়ি উল্টে শিশু নিখোঁজ

প্রতিকি ছবি

 

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে বালুবাহী স্যালোইঞ্জিনচালিত লাটাহাম্বা গাড়ি উল্টে চার শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয়দের চেষ্টায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও আট বছর বয়সী এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাটসংলগ্ন কসবা মৌজার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু মো. আলিফ (৮) উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা এলাকার মনসুর প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিলাইদহ কসবা এলাকার ব্লক তৈরির ইয়ার্ড থেকে একটি বালুবাহী লাটাহাম্বা গাড়িতে উঠে আবদুল আহাদ, জিহাদ, ওমর ফারুক ও আলিফ। রাস্তা সরু হওয়ায় একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

এ সময় গাড়ির চালক পানির ওপর উঠে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা নদীতে নেমে তিন শিশুকে জীবিত উদ্ধার করেন।

তবে আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে সকাল ১১টা ১০ মিনিটের দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে তীব্র স্রোত থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় লাটাহাম্বা গাড়িটি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. হাফিজুল ইসলাম বলেন, আমার ছেলে ওমর ফারুক এবং আরও দুজন শিশু আমার আত্মীয়। শিশুরা কাউকে না জানিয়ে গাড়িতে উঠে পড়েছিল। কয়েকবার নামিয়ে দেওয়ার পরও তারা আবার গাড়িতে উঠে যায়। পরে রাস্তার পাশে ময়লা থাকায় গাড়িটি পিছলে নদীতে পড়ে যায়।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে নিখোঁজ শিশুর উদ্ধারে অভিযান জোরদার করা হবে।