১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

সংগৃহীত

১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়ছে।

জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও এর আশপাশের এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল বের করা হয়। টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকায় গিয়ে আবার জেলা শহরে এসে শেষ হয়।

গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেছেন, “গোপালগঞ্জ শান্তির জেলা। ১ আগস্ট থেকে এ পর্যন্ত এখানে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। আশা করি, আগামীকালও কিছু হবে না। তারপরও ১৫ আগস্ট যাতে পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক থাকবে।”

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেছেন, “১৫ আগস্টে গোপালগঞ্জে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। শুক্রবার থেকেই বিজিবি মোতায়েন রয়েছে। তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।”