ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে থানায় বাবার মৃত্যু

ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে থানায় বাবার মৃত্যু

প্রতিকি ছবি

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে নেশার টাকার জন্য মারধরের অভিযোগ দিতে গিয়ে থানার আঙিনায় অসুস্থ হয়ে মারা গেছেন মো. আবু তাহের মজুমদার (৭৫)। শনিবার উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাংপাই গ্রামের শহিদুল ইসলাম শরীফ মজুমদার (৩২) নেশার টাকার জন্য বাবা আবু তাহের মজুমদার ও মা শরীফা বেগমকে গালিগালাজ ও মারধর করতেন। এ ছাড়া ঘরের বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করতেন তিনি।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নেশার টাকার জন্য বাবা-মায়ের ঘরে ঢুকে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শহিদুল। একপর্যায়ে বাবা ও মাকে মারধর এবং গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

এরপর আহত আবু তাহের মজুমদার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিতে যান। অভিযোগ লেখা শেষে থানার আঙিনায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, পারিবারিক কলহের বিষয়ে অভিযোগ দিতে থানায় এসেছিলেন আবু তাহের মজুমদার। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।