লক্ষ্মীপুরে যুবদলের দুই নেতাকে অব্যাহতি, কমিটিতে নতুন দুজন

লক্ষ্মীপুরে যুবদলের দুই নেতাকে অব্যাহতি, কমিটিতে নতুন দুজন

ফাইল ছবি

লক্ষ্মীপুর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেনকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা যুবদলের কমিটিতে নতুন দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে কী কারণে ইকবাল হোসেন ও আমজাদ হোসেনকে জেলা কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে তার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন। তিনি বলেন, অব্যাহতি পাওয়া দুজন বর্তমানে পৌর যুবদলের কমিটিতে রয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে অব্যাহতি ও অন্তর্ভুক্তির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাইফুল ইসলাম জুয়েলকে লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুমন চৌধুরীকে সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।