হাঙ্গেরিতে সড়ক দুর্ঘটনায় বাস উল্টে নিহত অন্তত ১২
ছবিঃ সংগৃহীত।
হাঙ্গেরির পূর্বাঞ্চলে মহাসড়ক থেকে ছিটকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে মেজোকেরেসতেশ শহরের কাছে এম-৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাঙ্গেরির পুলিশ জানিয়েছে, পোলিশ নিবন্ধিত বাসটি এম-৩ মহাসড়ক দিয়ে নিয়েরেগিহাজা শহরের দিকে যাচ্ছিল। মেজোকেরেসতেশের কাছে সড়কের একটি সোজা অংশ থেকে বাসটি হঠাৎ ছিটকে পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুই চালক ছিলেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার পর চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটির নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকারীদের বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার অভিযানে অংশ নেওয়া জরুরি সেবাদানকারী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎসকিও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
দুর্ঘটনার পর এম-৩ মহাসড়কের সংশ্লিষ্ট অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দুর্ঘটনার কারণ, চালকের শারীরিক অবস্থা এবং বাসটির যান্ত্রিক পরিস্থিতি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: রয়টার্স, এপি