চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রতিকি ছবি
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর স্টেশনের পাশে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। নিহত মিনি খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মৃত ইউনুসের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাথার সমস্যায় ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে মিনি খাতুনকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ বলেন, নিহতের বড় ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।