মাছচাষ বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: এমপি শ্যামল

মাছচাষ বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: এমপি শ্যামল

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মাছ চাষ বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের অনেকে প্রবাসজীবন শেষে দেশে ফিরে আসেন। তাদের অনেকেই পরবর্তী সময়ে বেকার জীবনযাপন করেন। প্রশিক্ষণের মাধ্যমে এসব মানুষকে মৎস্য চাষে সম্পৃক্ত করা গেলে তাদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

রবিবার (১৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এন্ডারসন খালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও জেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে এমপি শ্যামল আরও বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক জলাশয়কে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আনা যায় কি না, সে বিষয়ে চিন্তা করা প্রয়োজন। এতে একদিকে দেশের মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।  

এ সময় মাছচাষি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মাছচাষ ও দেশিমাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর জোর দেন। তারা বলেন, অনেকে রিংজাল ও কারেন্টশক দিয়ে মাছ ধরছেন। যার কারণে পোনা থেকে বড়, সব ধরনের মাছ মারা যাচ্ছে। যা মৎস্য প্রজাতির জন্য ব্যাপক ক্ষতি ডেকে আনছে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তরকে আরো জোরদার পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ এ আয়োজনে চার ক্যাটাগরিতে চার সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন মো. নোমান মিয়া। এ সময় মাছচাষি রহিমসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও চাষিরা উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে