ইংলিশ ডিফেন্ডার স্পেন্সকে দলে টানল ইন্টার

ইংলিশ ডিফেন্ডার স্পেন্সকে দলে টানল ইন্টার

ছবিঃ সংগৃহীত।

নতুন মৌসুম শুরুর আগে রক্ষণে আরও শক্তি বাড়াল ইন্টার মিলান। টটেনহ্যাম থেকে ইংল্যান্ডের ফুল-ব্যাক ডজেড স্পেন্সকে দলে ভিড়িয়েছে ইতালিয়ান জায়ান্টরা।

২৬ বছর বয়সী স্পেন্সের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে সেরি আ চ্যাম্পিয়নরা। ট্রান্সফার ফি হবে প্রায় ৩০ মিলিয়ন ইউরো।

এই গ্রীষ্মে ইন্টার মিলানে যোগ দেওয়া দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় স্পেন্স। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে সান সিরোতে এসেছেন অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোনস।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন্সকে দলে টানার বিষয়টি নিশ্চিত করে ইন্টার। টটেনহ্যাম সমর্থকদের উদ্দেশে বিদায়ী বার্তায় স্পেন্স বলেন, "একটি বিশেষ অধ্যায় শেষ হলো। অসাধারণ স্মৃতি, মুহূর্ত ও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যাচ্ছি, বিশেষ করে বিলবাওয়ের সেই রাত। ধন্যবাদ সকল স্টাফ, সতীর্থ ও সমর্থকদের। এখন নতুন অধ্যায় শুরু, তবে স্পার্স সবসময় আমার হৃদয়ে থাকবে।"

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে আটটি ম্যাচই খেলেছেন স্পেন্স, যেখানে থমাস টুখেলের দল তৃতীয় হয়েছিল।

২০২৫-২৬ মৌসুমে টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচ খেলেছেন স্পেন্স। তবে জুনে প্রথম পছন্দের রাইট-ব্যাক পেদ্রো পোরো নতুন চুক্তি করেছেন এবং লিভারপুল থেকে অ্যান্ডি রবার্টসনকে দলে নেওয়া হয়েছে।

টটেনহ্যাম কোচ রবার্তো দে জেরবি জুলাইয়ে বলেছিলেন তিনি স্পেন্সকে ক্লাবে রাখতে চান।

স্পেন্স ২০২২ সালে মিডলসবরো থেকে প্রাথমিকভাবে ১২.৫ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামে যোগ দেন। তিনি উত্তর লন্ডনের ক্লাবের হয়ে ৮৫ ম্যাচ খেলেছেন এবং ২০২৪-২৫ মৌসুমে ইউরোপা লিগ শিরোপা জিততে সাহায্য করেছেন।

এটি হবে ইতালিতে তার দ্বিতীয় অধ্যায়, এর আগে ২০২৪ সালে তিনি ছয় মাসের জন্য জেনোয়ার হয়ে ধারে খেলেছিলেন।