মেহেরপুর বড়বাজারে মুদি দোকানে অগ্নিকাণ্ড
প্রতিকি ছবি
মেহেরপুর বড়বাজারে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে গেছে। গতকাল রবিবার দিনগত রাত ২টার দিকে বড়বাজার কাঁচাবাজারে ঘটনা ঘটে। এতে প্রায় ৮৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন মকলেছুর অ্যান্ড ব্রাদার্স দোকানটির মালিক মোখলেছুর জামান শামিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে বাজারের নৈশপ্রহরী ও বড়বাজার মোড়ের বাসিন্দারা বিষয়টি টের পান।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোখলেছুর জামান শামিম বলেন, ‘আমি মুদি পণ্যের পাইকারি ব্যাবসা করি। আনুমানিক রাত পৌনে ২টার দিকে শর্টসার্কিট থেকে আমার দোকানে আগুন লাগে। এতে দোকানের সম্পূর্ণ মালামাল ধ্বংস হয়ে গেছে।
আমার প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ’
মেহেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ জানান, ‘রাত দুইটায় খবর পাওয়া মাত্রই আমাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনে। তবে দোকানের ভেতরে প্রচুর মালামাল থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ’
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান হাফি বলেন, ‘মেহেরপুর জেলার অর্ধেকেরও বেশি খুচরা মুদি ব্যবসায়ীকে মোখলেছুর জামানের পাইকারি পণ্য সরবরাহ করেন।
এত বড় একটি প্রতিষ্ঠানের এমন ক্ষতি অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, তারা যেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ’