ইউক্রেন যুদ্ধের বিরোধিতা: ক্রেমলিন সমালোচককে ১১ বছরের কারাদণ্ড দিল রাশিয়া
সংগৃহীত ছবি
ইউক্রেন যুদ্ধের প্রকাশ্য বিরোধিতা করার দায়ে লেভ শ্লোসবার্গ নামে এক বিশিষ্ট বিরোধী রাজনীতিককে ১১ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। আগামী মাসে রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের আগে বিরোধীদের দমনের অংশ হিসেবে সোমবার এই রায় দেওয়া হলো।
৬৩ বছর বয়সী শ্লোসবার্গ রাশিয়ার একমাত্র যুদ্ধবিরোধী রাজনৈতিক দল ‘ইয়াবলোকো’-এর ডেপুটি চেয়ারম্যান। তিনি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পসকভ আঞ্চলিক আইনসভার সদস্য ছিলেন। রুশ সামরিক বাহিনীকে ‘অবমাননা’ ও তাদের সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
মূলত একটি বিতর্কে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো এবং টেলিগ্রামে একটি ব্রিটিশ পত্রিকার ছবি পোস্ট করার কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। ওই ছবিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে এক রক্তাক্ত নারীর ছবি ছিল, যার ক্যাপশন ছিল: ‘তার (পুতিনের) হাতে... তার (নারীর) রক্ত’। তবে শ্লোসবার্গ এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এর আগেও তাকে ‘বিদেশি এজেন্ট’ আখ্যা দিয়ে সাজা দেওয়া হয়েছিল এবং গত ডিসেম্বর থেকে তিনি কারাগারে বন্দি আছেন।
এদিকে, সোমবার আরেকটি আদেশে রাশিয়ার সুপ্রিম কোর্ট ইয়াবলোকো দলটিকে আগামী ১৮-২০ সেপ্টেম্বরের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করেছে। দলটি এর বিরুদ্ধে আপিল করলেও আদালত আগের সিদ্ধান্তই বহাল রাখে।
ইয়াবলোকো দল বলেছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা ও যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য শ্লোসবার্গকে এই ‘বর্বর’ সাজা দেওয়া হয়েছে। তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, শ্লোসবার্গ কেবল তার মতপ্রকাশের অধিকার প্রয়োগ করে শান্তির ডাক দিয়েছিলেন। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।