ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক’: আদালতকে জানাল কারা কর্তৃপক্ষ
ইমরান খানে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তার দৃষ্টিশক্তি ‘প্রায় স্বাভাবিক’ হয়ে এসেছে। সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্টকে এ কথা জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ।
৭৩ বছর বয়সী ইমরান খান বর্তমানে চোখের সমস্যা সিআরভিও-তে (সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন) ভুগছেন। এ কারণে তিনি উন্নত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনালে যাওয়ার আবেদন করেছিলেন, যার শুনানি মঙ্গলবার হওয়ার কথা ছিল। এর ঠিক এক দিন আগেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে এই প্রতিবেদন জমা দেয়।
কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে চোখের সমস্যা ধরা পড়ার পর থেকেই ইমরান খানকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসলামাবাদের পিমস হাসপাতাল এবং রাওয়ালপিন্ডির আলশিফা ট্রাস্ট আই হাসপাতালের বিশেষজ্ঞরা তার চিকিৎসা করেছেন। ফলে তার চোখের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, কারাপ্রশাসন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিচ্ছে। চিকিৎসকরা দিনে তিনবার তার রক্তচাপ, হার্ট রেট ও অক্সিজেনের মাত্রা পরীক্ষা করছেন। এছাড়া প্রতি মঙ্গলবার ইমরান ও বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থাও করা হচ্ছে। এ পর্যন্ত তারা ৮৪ বার দেখা করেছেন। সব মিলিয়ে ইমরান খানের আবেদনটি খারিজ করার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছে কারাপ্রশাসন।
তবে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহাইল আফ্রিদি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, চিকিৎসকদের দেওয়া একটি রিপোর্টে ইমরানের উচ্চ রক্তচাপের কথা উল্লেখ করা হয়েছে। অথচ আগে তা স্বাভাবিক ছিল।
আফ্রিদির অভিযোগ, গত বছরের ডিসেম্বর থেকে ইমরানের পরিবার, ব্যক্তিগত চিকিৎসক বা আইনজীবীদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। বিচারব্যবস্থার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার যদি এই অবস্থা হয়, তবে সাধারণ মানুষ আর কার কাছে বিচার চাইবে!