রেসিপি : বরবটি চিংড়ি ভর্তা

রেসিপি : বরবটি চিংড়ি ভর্তা

ছবিঃ সংগৃহীত।

রান্না নিয়ে অনেকেই ভাবেন, প্রতিদিন ডাল-তরকারি খেতে কারও ভালো লাগে না। তাই মাঝে মাঝে ভর্তা-ভাজি খেতে ইচ্ছা করে।বাঙালির পছন্দের খাবারের তালিকায় ভর্তার আলাদা জায়গা রয়েছে। এক প্লেট গরম ভাতের সঙ্গে ভর্তা থাকলেই অনায়াসে খাওয়া হয়ে যায়।স্বাদে একটু ভিন্নতা আনতে বরবটি ও চিংড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা পরিবেশন করলে অন্য কোনো পদের প্রয়োজনই হবে না।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে বরবটি-চিংড়ির ভর্তা কীভাবে তৈরি করবেন-

উপকরণ

বরবটি ১০টি

চিংড়ি ১ কাপ

পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ

কোয়া রসুন ৫-৭ টি

হলুদ গুঁড়া আধা চা চামচ

কাঁচা মরিচ ২-৩টি

শুকনো মরিচ ২ টি

লবণ স্বাদমতো

সরিষার তেল প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালি

চিংড়ি ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে অল্প সরিষার তেল গরম করে চিংড়িগুলো ভেজে তুলে রাখুন। বরবটি ছোট ছোট করে কেটে নিন। চাইলে কুচিয়েও নিতে পারেন। এবার সামান্য লবণ দিয়ে বরবটি ভাপিয়ে নিন। চাইলে অল্প তেলে ভেজেও নিতে পারেন। বরবটি ভাপিয়ে নিলে ওই তেলেই কুচি করা পেঁয়াজ ও রসুন ভেজে নিন। এবার ব্লেন্ডারে ভেজে রাখা চিংড়ি, বরবটি, ভাজা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।

এরপর কড়াইতে সরিষার তেল গরম করে শুকনো মরিচের ফোড়ন দিন। তাতে বেটে রাখা চিংড়ি ও বরবটির মিশ্রণ দিয়ে সামান্য স্বাদমতো লবণ দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

আঁচ কমিয়ে কিছুক্ষণ ভর্তা কষাতে থাকুন। মিশ্রণ থেকে তেল ছেড়ে কড়াইয়ের গা থেকে আলাদা হয়ে এলে বুঝবেন ভর্তা তৈরি হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু বরবটি-চিংড়ির ভর্তা।