এক মাসের ব্যবধানে বাবা-মায়ের মৃত্যু, শোক কাটিয়ে ভুবন এখন তারকা
ছবি: সংগৃহীত
ঘটনা ২০২১ সালের। মহামারি করোনাভাইরাস তখন তাণ্ডব চালাচ্ছিল বিশ্বজুড়ে। সেই সময়ে বাবা-মাকে হারিয়ে একেবারে এতিম হয়ে যান ভুবন বাম। ১১ মে বাবা, আর ১০ জুন মায়ের মৃত্যু। গোছানো জীবন যেন মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায়।
ততদিনে ইউটিউবার হিসেবে দারুণ নাম কামিয়েছেন ভুবন বাম। ‘বিবি কি ভাইনস’ হয়ে ওঠে ভারতের ইউটিউবে অন্যতম জনপ্রিয় চ্যানেল। নানা চরিত্রে ভুবনের অভিনয় মুগ্ধ করতো মানুষকে। কিন্তু এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।
সেই শোক কাটিয়ে উঠতে সময় লেগেছে বেশ। কিন্তু ভুবন ফিরেছেন আরও প্রভাবশালী হয়ে, আরো অদম্য হয়ে। এখন তিনি পুরোদস্তুর অভিনেতা। ২০২১ সালেই নেটফ্লিক্সে মুক্তি পায় তার প্রথম সিরিজ ‘ঢিন্ডোরা’। হয় সুপারহিট। এরপর ২০২৩ সালে ডিজনি প্লাস হটস্টারে ‘তাজা খবর’ সিরিজ দিয়ে দারুণ সাড়া পান।
এবার ভুবন আরো বড় পরিসরে আসছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ ‘দ্য রেভ্যুশনারিজ’-এর মুখ্য অভিনেতা তিনি। মঙ্গলবার টিজার প্রকাশের মাধ্যমে এসেছে এর মুক্তির ঘোষণা। জানানো হয়েছে, ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।
নিখিল আদভানি নির্মিত ‘দ্য রেভুলুশনারিজ’ সিরিজে ভুবন বামের সঙ্গে অভিনয় করেছেন ‘লাপাতা লেডিস’ খ্যাত প্রতিভা রানতা, রোহিত শরাফ, গুরফাতে পিরজাদা, জেসন শাহ প্রমুখ। ভারতের স্বাধীনতা সংগ্রামের একঝাঁক তরুণকে ঘিরে সিরিজের গল্প।
আপাতত মূল ধারার অভিনয়ে মনোযোগী ভুবন বাম। তাই ইউটিউবিং রয়েছে বন্ধ। ২০১৫ সালে চালু করেছিলেন ‘বিবি কি ভাইনস’। এ পর্যন্ত এতে ভিডিও দিয়েছেন ১৯৫টি। আর তার সাবস্ক্রাইবা
এদিকে বলিউডের সিনেমায়ও অভিনয় করছেন ভুবন। শোনা যাচ্ছে, ‘কুকু কি কুন্ডলি’ নামের একটি সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। এছাড়া নেটফ্লিক্সে ‘ঢিন্ডোরা’র দ্বিতীয় কিস্তি নিয়েও কাজ করছেন ভুবন।
এখানেই শেষ নয় ভুবনের সাফল্যগাথা। এ মাসেই তিনি চালু করেছেন নিজের পারফিউম ব্র্যান্ড ‘সরকার’। শোবিজে অবস্থান গড়ে নেয়ার পাশাপাশি বাণিজ্যেও নিজেকে বিকশিত করছেন মেধাবী এই তরুণ।