রংপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ

রংপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ

ফাইল ছবি

রংপুরের পীরগাছায় আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে আমেরিকা প্রবাসী ফজলে এলাহী রিপন এবং ফজলে রাব্বী রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন-রাসেলের স্ত্রী এবং সন্তানরা রংপুর মহানগরীতে বসবাস করেন। ঘটনার সময় কাজের মহিলাও বাড়ির প্রধান ফটক তালা মেরে বাইরে গিয়েছিলেন। পকেট গেট দিয়ে ডাকাতরা ঘরে প্রবেশ করে। রিপন ও রাসেল সম্প্রীতি আমেরিকা থেকে রংপুর এসেছেন। আগামী শুক্রবার তাদের আমেরিকায় যাওয়ার কথা রয়েছে।রাতেই এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিকার। পরে অভিযান চালিয়ে মনুনু মিয়া নামের এক আসামিকে গ্রেফতার করে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ডাকাতরা বাড়ির ভেতরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার এবং টাকা নিয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এক আসামিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।