বিশ্বনাথে প্রয়াত অফিস সহকারীর পরিবারকে শিক্ষার্থীদের ৮ লাখ টাকা অনুদান
সংগৃহীত ছবি
সিলেটের বিশ্বনাথে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সদ্য প্রয়াত অফিস সহকারী মো. আশরাফুল ইসলামের পরিবারকে আট লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা ও এলাকাবাসীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে এ অর্থ হস্তান্তর করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কয়েকজন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক জাহিদ বিন কাশেম। তিনি দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের কৃতজ্ঞতা স্বরূপ প্রদান করা নগদ আট লাখ টাকা প্রয়াত আশরাফুল ইসলামের পরিবারের হাতে তুলে দেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক কাউসার উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হোসাইন আহমদ চৌধুরী। শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান প্রধান শিক্ষক রেন্টু আলী, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোমেন, প্রাক্তন শিক্ষক রোকেয়া পারভীন, আমিরুল ইসলাম, মোহাম্মদ টিপু সুলতান, শিব্বির আহমেদ, প্রতিষ্ঠানের সাবেক পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান, আব্দুল হামিদ, হলি চাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান, স্থানীয় প্রবীণ ব্যক্তি গণি শাহ্ ও প্রয়াত মো. আশরাফুল ইসলামের মেঝো ছেলে সাব্বির আহমদ ।
এছাড়া প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে চুনু মিয়া, তাজুল ইসলাম, মাহবুব আহমদ, বিজন চন্দ্র দাস বিজয়, এস আই সেবুল, রেজাউল ইসলাম, শামসুদ্দিন, তাকজিবা আক্তার তাইবা ও ফাহমিদা বেগম স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমান। শেষ পর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মনসুর আহমদ বিপ্লবী।