প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো’

প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো’

ফাইল ছবি

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আবাসন ও নির্মাণ উপকরণ প্রদর্শনী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আগামী ২০, ২১ ও ২২ আগস্ট নগরীর হোটেল র‌্যাডিসন ব্লুতে এই এক্সপো অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার দুপুরে হোটেল র‌্যাডিসন ব্লুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’ উপ কমিটির আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬ সাব কমিটির উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, স্থপতি অনিকেত চৌধুরী, স্থপতি আবদুল্লাহ রুম্মান, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হকসহ অন্যরা।  

স্থপতি মো. মিজানুর রহমান বলেন, চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি থাকবে পণ্য প্রদর্শন, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা। আগামী শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে।  

বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান বলেন, নতুন প্রযুক্তি ও নির্মাণসামগ্রীর তথ্য পাওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম কিছুটা পিছিয়ে আছে। বিল্ড এক্সপোর মাধ্যমে ভবন নির্মাণের প্রয়োজনীয় আধুনিক উপকরণ একই ছাদের নিচে দেখার ও বাছাইয়ের সুযোগ তৈরি হবে।  

সংবাদ সম্মেলনে বলা হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ, টেকসই ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে স্থপতি, প্রকৌশলী, নির্মাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের আয়োজন চট্টগ্রামের নগর উন্নয়ন, আধুনিক নির্মাণ প্রযুক্তি ও টেকসই স্থাপত্য নিয়ে নতুন চিন্তা ও সম্ভাবনার দ্বার খুলবে।