পাঁচ ধরনের সরকারি ভাতার আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
ফাইল ছবি
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পাঁচ ধরনের সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনের সময়সীমা ১৬ দিন বাড়ানো হয়েছে। কারিগরি জটিলতা, ইন্টারনেট ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে আবেদন করতে না পারায় সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৫ আগস্ট।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল ১ থেকে ১৫ আগস্ট।
মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইন্টারনেট, সফটওয়্যার ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকে নির্ধারিত সময়ে আবেদন সম্পন্ন করতে পারেননি।
এ পরিস্থিতিতে আবেদনকারীদের বিষয়টি বিবেচনা করে সময়সীমা বাড়ানো হয়েছে।
এ কার্যক্রমের আওতায় রয়েছে, বয়স্ক ভাতা; বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা; প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি; হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নমূলক ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং চা শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তি।
নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। বর্ধিত সময়ের ক্ষেত্রেও আগের আবেদনের নির্দেশনা ও শর্ত বহাল থাকবে।
সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় ও মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যোগ্য আবেদনকারীদের ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।