বেরোবিতে চলছে নবীনদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চলছে।
গতকাল সোমবার (১৭ আগস্ট) শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী। মেডিকেল সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে এবং ‘বাঁধন’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের সহযোগিতায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাঁধন প্রতি বছরই শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষার এই মানবিক আয়োজন করে থাকে, যা অত্যন্ত প্রশংসনীয়। রক্তের গ্রুপ জানা সবার জন্যই অত্যন্ত জরুরি।”
উপাচার্য আরো বলেন, “শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি একটি সমৃদ্ধ ডাটাবেস তৈরি হচ্ছে, যা জরুরি প্রয়োজনে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয়, সাধারণ ও দরিদ্র রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. জাহিদ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. ফেরদৌস রহমান, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. এম. শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।