ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৫০০ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের সঙ্গে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন। পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী থানার পুলিশের একটি দল উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদরাসা বাজারসংলগ্ন তীরনই নদীর সেতুর পশ্চিম পাশে চেকপোস্ট বসায়। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলে তিনজনকে দেখে থামার সংকেত দেওয়া হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে তিনজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী (সরকার বস্তি) এলাকার মৃত ঝরুয়া মোহাম্মদের ছেলে মো. আলিমদ্দীন (৪৫) এবং একই এলাকার মো. সুবাহান আলীর ছেলে মো. দর্শন আলী (৪০)।Government
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ৪ হাজার ৫০০ ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পুরোনো বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই ব্যক্তি ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় মামলা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের কারবার বা মাদকের স্পট সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।