বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে ২৮ আগস্ট
ফাইল ছবি
বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ আগস্ট শুরু হবে তিন দলের এই প্রতিযোগিতা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩; এই তিন দলকে নিয়ে ৫০ ওভারের ফরম্যাটের টুর্নামেন্টের সবগুলো খেলা হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এক দিন বিরতির পর খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
প্রথম পর্যায়ে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। অর্থাৎ প্রথম রাউন্ডে অন্তত ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন বয়সভিত্তিক পর্যায়ের এসব ক্রিকেটাররা।
পরে পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে ফাইনাল ম্যাচ হবে আগামী ৯ সেপ্টেম্বর। ফাইনালসহ সব ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।