কাপাসিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে মানববন্ধন

কাপাসিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে মানববন্ধন

সংগৃহীত ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অনন্তের (১৩) সন্ধান চেয়ে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও স্বজনেরা।

বুধবার বেলা ১১টার দিকে বীর উজলী বাজারে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অনন্তের বাবা-মা, স্বজন, প্রতিবেশী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন থেকে নিখোঁজ শিক্ষার্থী অনন্তকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

কাপাসিয়া থানার ওসি নাছির আহমেদ বলেন, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।

অনন্তের বাবা সোহাগ রানা বলেন, স্কুল থেকে ফোন করে জানানো হয়, আমার ছেলের রক্তমাখা জামা পাওয়া গেছে। তখন আমার আর মাথা ঠিক ছিল না। আমি থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছি। পরে আমার ছেলের রক্তমাখা জামা-কাপড় দেখে শনাক্ত করি। এখন প্রশাসনের কাছে, এলাকাবাসীর কাছে আমার আকুল আবেদন-আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টিফিনের সময় বিদ্যালয় থেকে পাশের বাজারে যাওয়ার পর অনন্ত নিখোঁজ হয়। পরে বিকেল ৪টার দিকে তার রক্তমাখা জামা, জুতা ও স্কুলের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান আসাদ বলেন, টিফিনের সময় বিদ্যালয় থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। খবর পেয়ে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, তার জামা-জুতা পাওয়া গেছে।

গাজীপুর জেলার কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ভবনের নিচের গেটে তালা লাগানো ছিল। কে তাকে তালা খুলে দিয়েছে এবং ছেলেটি কীভাবে তৃতীয় তলায় গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।