মাদক ও স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

মাদক ও স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।

বুধবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা শহিদুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং শিক্ষক জালাল উদ্দীন প্রামানিক।

বক্তারা বলেন, মাদক ও কিশোর অপরাধ শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন, শিক্ষা ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা, মনোযোগ ও সামাজিক আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে বিরত থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা মাদক ও অপরাধকে ‘লাল কার্ড’ দেখিয়ে সুস্থ, সুন্দর ও আদর্শ জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।