কোদাল দিয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, রোহিঙ্গা স্বামী আটক
সংগৃহীত ছবি
চট্টগ্রামের চন্দনাইশে রোহিঙ্গা স্বামীর হাতে গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত স্বামীকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নুরহাবা (২৩)। তিনি উখিয়া কুতুপালংয়ের মৃত এরশাদ উল্লাহর মেয়ে বলে জানা গেছে।
অভিযুক্ত স্বামীর নাম মো. সলিম (২৪)।
তিনি কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।
এ দম্পতি কয়েক মাস আগে দোহাজারী উল্লাপাড়ার আয়ুব আলী সওদাগরের টিনশেড ঘর ভাড়া নিয়েছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সলিম বাহির থেকে এসে স্ত্রী নুরহাবার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় হাতে থাকা কোদাল দিয়ে স্ত্রীর মাথা ও পায়ে পর পর কয়েকটি কোপ দেন সলিম।
এতে নুরহাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় স্থানীয়রা ঘাতক স্বামী মো. সলিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দোহাজারীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তারা দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, ঘাতক সলিমকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।