শরীয়তপুরে কুকুরের কামড়ে আহত ১০
প্রতিকী ছবি
শরীয়তপুরের ডামুড্যায় এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে ডামুড্যা পৌরসভার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে।
আহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮), আবজাল ৩১। এরা সবাই পৌর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সকাল থেকে পৌর এলাকায় একটি কালো রঙের কুকুর ঘোরাফেরা করছিল। হঠাৎ করেই কুকুরটি লোকজনকে কামড়ানো শুরু করে। এতে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। পরে আহতরা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ আলম সিদ্দিকী বলেন, ‘সকাল থেকে কুকুরের কামড়ের শিকার হয়ে অন্তত ১০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ ছাড়া যারা গুরুতর জখম হয়েছে তাদের ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’