পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পুকুর থেকে মফিজুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুশনা ইউনিয়নের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মফিজুল ইসলাম উপজেলার হরিন্দীয়া ঝামাঘাটা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, চার দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মফিজুল। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে কুশনা ইউনিয়নের একটি পুকুরে মফিজুলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মফিজুলের বলে শনাক্ত করেন।
পরে কোটচাঁদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর তা ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মফিজুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাকে অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।