ইবিস্থ ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়
সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নাফিসা ইকবালের সঞ্চালনায় এবং সভাপতি মো. লোকমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান এবং পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুর রহমান বলেন, “আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য মিলনমেলা। আমরা অধিকাংশ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। পরিবার অনেক কষ্ট করে শিক্ষার্থীদের পড়াশোনার যোগান দেয়। আমাদের উচিত বাবা মার দিকে তাকিয়ে পড়াশোনার সর্বোচ্চ চেষ্টা করা।”
নবীন ও প্রবীনদের উদ্দেশে তিনি বলেন, “প্রাক্তনদের থেকে নবীনদের অনেক কিছু শেখার আছে, যাতে ভুল পথে না যেতে হয়। ঠাকুরগাঁওয়ের কেউ যাতে পেপারে নেগেটিভ হেডলাইন না হয় সকলের প্রতি অনুরোধ থাকবে। প্রবীনরা যদি চাকরির বাজারে ঢুকার আগে ৬ মাসের অধিক পড়াশুনা করো তাহলে তোমরা অবশ্যই সফল হতে পারবে।”
লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “আগামীকাল আমার বিশ্ববিদ্যালয়ের চাকরির ৩০ বছর পূর্ণ হবে। আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে গর্ববোধ করি। শিক্ষার্থীরা অবশ্যই বিশ্ববিদ্যালয় শব্দটিকে ধারণ করার চেষ্টা করবে।”