নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জানান তিনি।

অভিনন্দনবার্তায় ড. ইউনূস মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড, নেতৃত্বের সক্ষমতা এবং সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার কারণে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বাস্তবতা সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে।

ড. ইউনূস আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা অক্ষুণ্ন রাখবেন এবং দায়িত্ব পালনে প্রজ্ঞা ও অভিজ্ঞতার পরিচয় দেবেন।

তিনি আরও প্রত্যাশা করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোটের ফল ঘোষণার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়। দীর্ঘ বিরতির পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে তিনি এ পদে নির্বাচিত হলেন।