ইউক্রেনে শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪

ইউক্রেনে শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪

সংগৃহীত ছবি

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে একটি ব্যস্ত শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২১ জন। আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। এছাড়া, গুরুতর আহত ২৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্রিভি রিহের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্সে এ হামলা চালানো হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার পর ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ক্রিভি রিহ ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল টেলিগ্রামে জানান, হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের জন্মশহর ক্রিভি রিহে হামলাকে ‘নিষ্ঠুর ও জঘন্য’ বলে উল্লেখ করেছেন তিনি।

জেলেনস্কির দাবি, প্রথম ড্রোন হামলার প্রায় ৩০ মিনিট পর দ্বিতীয় একটি রুশ ড্রোন একই শপিং সেন্টারে আঘাত হানে। দ্বিতীয় হামলাটি ছিল উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে চালানো।

তিনি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে কম কিছু নয়’। রাশিয়ার বিরুদ্ধে কার্যকর চাপ প্রয়োগ এবং হামলার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

জেলেনস্কি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাশিয়াকে বাস্তব জবাবদিহির মুখোমুখি করতে হবে।

এদিকে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

যুদ্ধের তীব্রতা বাড়ছে

ক্রিভি রিহ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। শহরটি যুদ্ধক্ষেত্রের সম্মুখসার থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই শহরটি বারবার রুশ হামলার শিকার হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান ও ড্রোন হামলা আরও তীব্র হয়েছে। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা জোরদার করেছে। বিশেষ করে রাশিয়ার তেল স্থাপনা, গুদাম ও সামরিক সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত লজিস্টিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিয়েভ।

সম্প্রতি রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের সঙ্গে যুক্ত কয়েকটি গুদামে হামলা চালিয়েছে ইউক্রেন। এসব হামলায় মস্কোর ক্ষোভ আরও বেড়েছে।

জাতিসংঘের ইউক্রেন মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসে রুশ হামলায় ইউক্রেনে অন্তত ৪৩৭ জন বেসামরিক মানুষ নিহত এবং আরও ২ হাজার ৬১০ জন আহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর জুলাই মাসেই সবচেয়ে বেশি মাসিক বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন।

এদিকে, ইউক্রেনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সোমবার বৈঠকে বসবে দেশটির মিত্র রাষ্ট্রগুলোর ৩৪ সদস্যের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’। বৈঠকে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার কথা রয়েছে।

তথ্যসূত্র : আল-জাজিরা