জুলাইয়ের পরে সেই পুরোনো রাজনীতি আর চাই না: এমপি সাঈদ আল নোমান
সংগৃহীত ছবি
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমান বলেছেন, জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই, তাহলে আমাদের চেতনায়, কর্মে, চিন্তায় নিজেদেরকে নতুনভাবে তৈরি করতে হবে। জুলাইয়ের পরে আমরা আর সেই পুরোনো ঘৃণা, পুরোনো সংঘাত, সেই পুরোনো রাজনীতি চাই না।
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার উদ্যোগে বার্ষিক লেখক সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সাঈদ আল নোমান আরও বলেন, বাংলাদেশে একটি সামাজিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব দরকার। লক্ষ্য ছাড়া কিছুই অর্জন করা যায় না। তেমনি লেখকদের মধ্যে জাতি গঠনের লক্ষ্য থাকতে হয়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন মেধার ভিত্তিতে সব কর্মকাণ্ড পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
চবি লেখক ফোরামের সভাপতি আইএইচ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। প্রধান আলোচক ছিলেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. শফিকুর রহমান।