খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন, ২২ মিনিটে নিয়ন্ত্রণে
সংগৃহীত ছবি
রাজধানীর খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় জেনারেটর রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২২ মিনিটের চেষ্টায় রাত ১১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাফি আল ফারুক বলেন, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।