বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মহসিনা আক্তার

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মহসিনা আক্তার

ছবিঃ সংগৃহীত।

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মঞ্চের পরিচিত মুখ ও অভিনেত্রী মহসিনা আক্তার। গত ২১ আগস্ট সিনেমাটোগ্রাফার ইরফান উদ্দিনকে বিয়ে করেছেন তিনি।চট্টগ্রামের ছেলে ইরফানের সঙ্গে কাজের সূত্রেই মহসিনার পরিচয় ও সম্পর্কের শুরু। একাধিক মঞ্চনাটকে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের পরিচয়, পরে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে।

মহসিনা ও ইরফান দুজনেই নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদের সঙ্গে কাজ করেছেন। মঞ্চনাটকের বিভিন্ন কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়। শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

মহসিনা আক্তার সময়ের অন্যতম মেধাবী মঞ্চকর্মী হিসেবে পরিচিত। মঞ্চই তার ধ্যান-জ্ঞান। অভিনয়ের পাশাপাশি নির্দেশনা, কস্টিউম ডিজাইন ও শিক্ষকতার সঙ্গেও যুক্ত তিনি। মঞ্চে তার ক্ষুরধার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আবার মঞ্চের পেছনেও বিভিন্ন সৃজনশীল কাজে তার সক্রিয় উপস্থিতি রয়েছে।

মঞ্চের ব্যস্ততার পাশাপাশি এবার বড় পর্দাতেও নিজের অভিনয়ের পরিধি বাড়িয়েছেন মহসিনা। জয়া আহসানের সঙ্গে ‘জয়া আর শারমিন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বড় পর্দায় কাজের শুরুতেই জয়া আহসানের মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ায় সিনেমাটি নিয়ে তার ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

‘জয়া আর শারমিন’ সিনেমায় মহসিনার অভিনয় মঞ্চের অভিজ্ঞতার নতুন এক প্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের মঞ্চচর্চা ও অভিনয়ের অভিজ্ঞতা বড় পর্দায় কীভাবে তুলে ধরেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

অন্যদিকে মহসিনার স্বামী ইরফান উদ্দিন পেশায় সিনেমাটোগ্রাফার। চট্টগ্রামে বেড়ে ওঠা ইরফান চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। আগামী মাসে ফিল্ম মেকিং নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার।

ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন মহসিনা। মঞ্চের কাজের পাশাপাশি বড় পর্দায় তার নতুন যাত্রা সামনে আরও বিস্তৃত হবে বলে আশা করছেন দর্শক ও সহকর্মীরা।