জর্ডানে ইসরায়েলি প্রতিনিধিদলের সঙ্গে সিরিয়ার বৈঠক
সংগৃহীত ছবি
জর্ডানে ইসরায়েলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিরিয়ার প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে সিরিয়ার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক সিরীয় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বৈঠকে সিরিয়ার সাধারণ ও সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে একটি নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এই চুক্তি ভবিষ্যতে আরও বিস্তৃত সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিরীয় সূত্র জানায়, ইসরায়েলের হামলা ও গ্রেপ্তার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং আলোচনার প্রক্রিয়া পুনরায় চালু করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। পাশাপাশি সিরিয়ার স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও আলোচনা হয়। তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার বিরোধ কমানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক আবু আল-দুহুর বিমানবন্দরে হামলার পর উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সানা।
বৈঠকে সিরিয়ার পক্ষ থেকে ২০২৪ সালের ৮ ডিসেম্বরের আগে ইসরায়েলি বাহিনী যেসব অবস্থানে ছিল, সেখানে তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। একই সঙ্গে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তি পুনরায় কার্যকর করার আহ্বান জানানো হয়। ওই চুক্তির মাধ্যমে গোলান মালভূমিতে একটি অসামরিকীকৃত অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছিল।
সিরীয় কর্মকর্তারা আবারও তাদের অবস্থান স্পষ্ট করে বলেন, ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ডের অংশ। তবে এর চূড়ান্ত মর্যাদা ও এ বিষয়ে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা এখনই করার সময় হয়নি বলেও জানায় দামেস্ক।