ঢাবিতে জাতীয় ছাত্রশক্তি ও মার্কিন দূতাবাসের মতবিনিময়

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তি ও মার্কিন দূতাবাসের মতবিনিময়

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির নেতাদের সঙ্গে ঢাকায় মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছাত্র রাজনীতি সংস্কার, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ নিয়ে আলোচনা হয়।

রবিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড এবং পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরকার, জোনাল সাংগঠনিক সম্পাদক শিমু আক্তার এবং ক্যারিয়ার ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আবিদ হাসান জয়।

মতবিনিময় সভায় ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতির সংস্কার এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণের চিত্র নিয়ে আলোচনা করেন জাতীয় ছাত্রশক্তির নেতারা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মধ্যবর্তী কোনো এজেন্সি ছাড়াই সরাসরি মার্কিন দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ সহজ করার আহ্বান জানান তারা।

এছাড়া, শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে আইডিয়া এক্সচেঞ্জ, লিডারশিপ কনফারেন্সসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি আয়োজনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় পারস্পরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম আয়োজনের বিষয়ে মতবিনিময় করা হয় বলে জানা গেছে।