নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সাবেরের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটে। এতে সীমান্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক মো. সাইফুল আহত হন। আহত সাইফুলকে চিকিৎসার জন্য কক্সবাজার নেয়া হচ্ছে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে আমরা জেনেছি। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।