রাজধানীতে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোসা. নাছিমা আক্তার (৫২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী পুলিশ ফাঁড়ি।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী পুলিশ ফাঁড়ির একটি দল রবিবার রাতে কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাছিমা আক্তারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি একটি মামলার রায়ে আদালত কর্তৃক পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।