অ্যাকশন মুভি নিয়ে ফিরছেন তাপসী পান্নু, আসছে ‘গান্ধারী’

অ্যাকশন মুভি নিয়ে ফিরছেন তাপসী পান্নু, আসছে ‘গান্ধারী’

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ বিরতির পর আবারও অ্যাকশনধর্মী সিনেমায় ফিরছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তার নতুন সিনেমা ‘গান্ধারী’ নিয়ে ভক্তদের আগ্রহও তুঙ্গে। ‘বেবি’ (২০১৫) ও ‘নাম শাবানা’ (২০১৭)-এর পর থেকেই তাপসীকে আবার অ্যাকশন চরিত্রে দেখতে চাইছিলেন দর্শকরা।

‘গান্ধারী’তে বানি চরিত্রে অভিনয় করছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। দিল্লিতে জাগরণ ফিল্ম ফেস্টিভ্যালে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী জানান, অ্যাকশন সিনেমায় ফেরার জন্য দর্শকদের অনুরোধ থাকলেও শারীরিক পরিশ্রমের কথা ভেবে এতদিন তিনি এ ঘরানা এড়িয়ে গেছেন। তার ভাষ্য, পর্দায় মারধরের দৃশ্য করলেও ব্যক্তিগতভাবে তিনি সহিংসতা পছন্দ করেন না।

তাপসী বলেন, তার অভিনীত সিনেমাগুলোতে অনেক সময় ফেস রিপ্লেসমেন্ট বা বড় পরিসরের গ্রিন-স্ক্রিন অ্যাকশনের মতো প্রযুক্তি ব্যবহারের বাজেট থাকে না। ফলে বেশিরভাগ অ্যাকশন দৃশ্য নিজেকেই করতে হয়, যা শারীরিকভাবে বেশ কষ্টকর।

তবে এবার আগের অ্যাকশন চরিত্রগুলোর পুনরাবৃত্তি করতে চাননি তিনি। বরং আগের কাজের তুলনায় আরও বড় পরিসরের অ্যাকশন উপহার দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান তাপসী। দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন এবং আগের কাজের চেয়ে বেশি উপভোগ করবেন—এমন প্রত্যাশাও তার।

দেবাশিস মাখিজা পরিচালিত এবং কানিকা ধিল্লন রচিত ও প্রযোজিত ‘গান্ধারী’তে এক মায়ের গল্প তুলে ধরা হয়েছে, যে সন্তানকে রক্ষায় সর্বশক্তি নিয়ে লড়াইয়ে নামে। সিনেমাটিতে তাপসীর সঙ্গে ইশওয়াক সিং, মিতা বশিষ্ঠ, যতীন সারনা, স্বস্তিকা মুখার্জি ও ছায়া কদম অভিনয় করেছেন। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া