কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে জিবিবি পাওয়ার
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড কুমিল্লা সেনানিবাসে ৫ মেগাওয়াটের বেশি ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। এই প্রকল্পে ৬ কোটি টাকার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন হেডকোয়ার্টারের সঙ্গে ২৫ বছরের পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় কুমিল্লা ক্যান্টনমেন্টে ৫ দশমিক ০০৫ মেগাওয়াটপিক ক্ষমতার একটি গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। ওপেক্স/বুট (বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ (সিওডি) থেকে ২৫ বছর পর্যন্ত কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন ২০২৭ সালের প্রথমার্ধে শুরু হতে পারে বলে জানিয়েছে জিবিবি পাওয়ার।
জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদের সভায় ২৩ আগস্ট প্রকল্পটির জন্য বিনিয়োগ অনুমোদন করা হয়েছে। প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৬ কোটি টাকা।
উল্লেখ্য, সোলারন পাওয়ার জিবিবি পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান। এতে জিবিবি পাওয়ারের মালিকানা ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিক সৌরবিদ্যুৎ খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারেরা।