সংবাদপত্রের সম্পাদকদের সাথে জামায়াত আমিরের মতবিনিময়
সংগৃহীত
বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও তাদের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলের ভূমিকা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভূমিকা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন জামায়াত আমির।
অতীতে প্রচলিত বিরোধীদলের নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং সব অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার নীতিগত অবস্থানের কথা জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের এ গঠনমূলক নীতির প্রশংসা করেন সম্পাদকরা।
জাতীয় সমস্যা, জনদুর্ভোগ এবং বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানে জামায়াতের ভূমিকার কথাও তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক।
রাজপথে বিরোধীদল আন্দোলন করলেও দেশ যাতে অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।
সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার এটিই প্রথম মতবিনিময়।
সভায় বর্তমান সরকারের বৈষম্যমূলক আচরণের সমালোচনা করা হয়। বলা হয়, জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সঙ্গে সরকার বৈষম্য করছে। উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়া, আইন প্রণয়ন ও বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রে এ বৈষম্য করা হচ্ছে। স্পিকারের পক্ষ থেকেও ইনসাফপূর্ণ আচরণ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন জামায়াত আমির।
সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের উত্তরণে আপনারা দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করবেন।
এ সময় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।