এমপি আয়নুল হকের গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি গ্রেফতার

এমপি আয়নুল হকের গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাত ১টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তমাল সরকার উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।

আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হামলার ঘটনার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তমাল সরকারের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের স্থান নির্ধারণসংক্রান্ত একটি মতবিনিময় সভা থেকে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ওই রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলায় রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাসিন্দা ও হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে থাকা ওই দুই আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, এ মামলায় বর্তমানে চারজন আসামি আগাম জামিনে রয়েছেন। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।