মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

প্রতিকী ছবি

মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম ও তাহারিয়া নামে পাঁচ বছর বয়সী জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ও তাহারিয়া মোল্লাকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল জমজ দুই বোন তাবাসসুম ও তাহারিয়া।

খেলাধুলার একপর্যায়ে তারা দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাবাসসুম ও তাহারিয়াকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জমজ দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।