খুলনায় ম্যানগ্রোভভিত্তিক পরিবেশবান্ধব মৎস্য চাষে তাগিদ
সংগৃহীত
খুলনার ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল হোটেলের সম্মেলন কক্ষে মঙ্গলবার দিনব্যাপী ‘সাসটেইনেবল অ্যাকোয়াকালচার ইন ম্যানগ্রোভ ইকোসিস্টেম’ (সাইমি) প্রকল্পের কৌশলগত পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি’ (বেডস) এ আয়োজন করে।
সংস্থার নির্বাহী প্রধান মো. মাকছুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরদার শফিকুল ইসলাম।
সূচনা বক্তব্যে বেডসের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মৌসুমী হালদার জানান, সমন্বিত ম্যানগ্রোভ মৎস্য চাষের অংশ হিসেবে কৃষকদের প্রশিক্ষণ প্রদানসহ ঘেরের বেড়ি ও ঢিবিতে গাছ রোপণ করা হয়েছে। চাষিদের মধ্যে নেট, বাঁশ, রেণু পোনা বিতরণ ও বেড়িবাঁধ মেরামতের ফলে মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রকল্পের সাফল্য নিশ্চিতে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন এবং ‘ফিশ ক্লিনিকের’ মাধ্যমে কারিগরি পরামর্শের আশ্বাস দেন।
মুক্ত আলোচনায় মৎস্য অধিদপ্তর, সামাজিক বন বিভাগ, ম্যানগ্রোভ সিলভিকালচার ডিভিশন ও এসএনভির কর্মকর্তাসহ স্থানীয় চাষি প্রতিনিধিরা অংশ নেন।
বনজীবী সমিতির সভাপতি কমলা গাইন জানান, প্রকল্পের ফলে কেওড়া আচার ও গোলপাতার গুড় তৈরির মাধ্যমে নতুন আয়ের সুযোগ তৈরি হয়েছে। টেকসই মৎস্য চাষের লক্ষ্য অর্জনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও চালু করা হয়।