ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার জেলা উৎসব
সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মৌলভীবাজার জেলা উৎসব-ফ্রান্স ২০২৬’। ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও বিপুলসংখ্যক বাংলাদেশি পরিবার অংশ নেয়।
প্রবাসের ব্যস্ত জীবনে দেশের মাটি, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল মিলনমেলা, আনন্দ ও বাংলাদেশের সংস্কৃতির আবহ।
উৎসবে মৌলভীবাজার জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সিনিয়র ও গুণীজনদের সম্মাননা এবং জেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন ছিল।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের বিভিন্ন স্টল, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান উৎসবে উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
পরিবার-পরিজন ও নতুন প্রজন্মের ব্যাপক উপস্থিতিতে উৎসবস্থল পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মৌলভীবাজার জেলার ইতিহাস ও সামাজিক বন্ধন তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সার্বিকভাবে ‘মৌলভীবাজার জেলা উৎসব-ফ্রান্স ২০২৬’ প্রবাসী বাংলাদেশিদের মিলন, সংস্কৃতি ও সম্প্রীতির এক প্রাণবন্ত আয়োজনে পরিণত হয়।